২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের পর আসামির বাড়িতে আগুন

গাজীপুরে এক যুবক খুনের মামলার আসামিদের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

গাজীপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক যুবক খুনের মামলার আসামিদের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। সদর উপজেলার আমুনা এলাকায় শুক্রবার সন্ধ্যায় আলমগীর হোসেন নামে ওই যুবককে হত্যার পর এতে জড়িত অভিযোগে এক জনের বাড়িতে রাত ১০টার দিকে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে অগ্নিনির্বাপণ বাহিনী প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মোখলেসুর রহমানের বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে বলে গাজীপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর আহমেদ। আলমগীর হত্যাকাণ্ডে মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের ও আওলাদ হোসেন জড়িত বলে নিহতের পরিবারের অভিযোগ। খুনের ঘটনায় মামলার পর শুক্রবার রাতে আমুনা এলাকা থেকে খলিলুর রহমান (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জয়দেবপুর থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, খুন্দিয়া গ্রামের আলমগীরের সঙ্গে একই এলাকার তাহের ও আওলাদদের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তাহের ও আওলাদরা সম্প্রতি ওই জমির মাটি বিক্রির উদ্যোগ নিয়ে শুক্রবার এ নিয়ে উভয়পক্ষের বাকবিতণ্ডা হয়। তাহের ও আওলাদ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমগীরকে আলোচনার জন্য আমুনা এলাকায় ডেকে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় বলে স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান। গ্রামের মানুষ আলমগীরকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলমগীরের বুকে, গলায় ও উরুতে কোপের চিহ্ন রয়েছে। খুনের ঘটনায় নিহতের ভাই মো. আরমান হোসেন রাতেই জয়দেবপুর থানায় মামলা করেন এবং পুলিশ ওই মামলার ছয় নম্বর আসামি খলিলুর রহমানকে (৩৫) রাতেই গ্রেপ্তার করে বলে ওসি জানান। এদিকে আলমগীর খুনের পর গ্রামের এক দল লোক জোট বেঁধে মোখলেসুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা চারটি ঘরে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানায়। অগ্নিনির্বাপণ বাহিনীর কর্মকর্তা আবু জাফর বলেন, আগুনে চারটি ঘর এবং ঘরে থাকা আসবাব ও মালামাল পুড়ে ৭-৮ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.