বাগেরহাট, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীর কাঁঠালতলার চরে ডাকাতরা একটি ট্রলারে হামলা চালিয়ে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনার সময় ট্রলারে থাকা ট্রলার মালিক রেণুপোনা ব্যবসায়ী কামালকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ট্রলারে থাকা শান্তি অধিকারী বলেন, উপজেলার জিউধরা গ্রামের ব্যবসায়ী কামাল বরগুনার পাথরঘাটা এলাকায় রেণুপোনা কিনতে এক লাখ ৪৫ হাজার টাকা নিয়ে ট্রলারে করে যাচ্ছিলেন। ট্রলারটি কাঁঠালতলার চর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ডাকাতরা একটি ট্রলারে তাদের গতিরোধ করে ট্রলারে উঠে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কামালের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ট্রলারটি মাঝ নদীতে ডুবিয়ে দেয়।
ট্রলার চালক লোকমান ও শান্তি অধিকারী সাঁতরে উঠে আসতে পারলেও কামাল এখনো নিখোঁজ রয়েছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মাসুদ আলম ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এসইউ/১৫৪৩ ঘ.
bdnews24