বরিশাল, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপন্ন প্রাণী রক্ষার অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় প্রায় দুইশ বছরের পুরনো কচ্ছপ মেলা বন্ধ করে দিয়েছে বন বিভাগ।
স্থানীয় বাসিন্দা সুধন্য জয়ধর (৮০) জানান, বাংলা নতুন বছরের প্রথম দিনটিতে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীর পাড়ের ত্রিমুখী বাজারে এই কচ্ছপ মেলা হয়ে আসছে বহুদিন ধরে। এবারও শনিবার সকালে মেলা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন বিভিন্ন স্থান থেকে আসা বিক্রেতারা।
কিন্তু পরিবেশ ও বিপন্ন প্রাণী রক্ষার বিষয়টি মাথায় রেখে শুক্রবার থেকেই কচ্ছপ কেনাবেচা বন্ধ রাখার আহ্বান জানিয়ে মাইকিং করে আগৈলঝাড়া ও কোটালীপাড়া বন বিভাগ। তারপরও প্রশাসনের চোখ এড়িয়ে শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন প্রজাতির কচ্ছপের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
সন্ধ্যার পর স্থানীয় প্রশাসন মেলা ভেঙে দিয়ে বিপুল পরিমান কচ্ছপ উদ্ধার করে নদীতে ছেড়ে দেয়।
খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মো. জামাল হোসেন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান, গৌরনদী বন বিভাগের কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন তালুকদার, আগৈলঝাড়া বন বিভাগের কর্মকর্তা কেবিএম ফেরদৌস, কোটালীপাড়া বন বিভাগের কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক ও রামশীল ইউপি চেয়ারম্যান খোকন বালা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
জামাল হোসেন সাংবাদিকদের বলেন, ১৯৭৪ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তৃতীয় তফসিলের চতুর্থ ধারায় কচ্ছপ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে বিভিন্ন দণ্ডের বিধান রাখা হয়েছে। ওই আইন অনুযায়ীই বন্ধ করা হয়েছে ত্রিমুখী বাজারের কচ্ছপ মেলা।
তবে মেলা বন্ধ করতে গিয়ে তাদের কচ্ছপ বিক্রেতা ছাড়াও স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়তে হয়েছে বলে জানান তিনি।
ত্রিমুখী বাজারের সুধন্য জয়ধর বলেন, হিন্দু অধ্যুষিত এই এলাকার রেওয়াজ অনুযায়ী নববর্ষের প্রথম দিনে মেয়ের জামাই, নাতি-নাতনীসহ আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করা হয়। তাদের জন্য রান্না হয় কচ্ছপের মাংস।
এই রেওয়াজ থেকেই বহু আগে ত্রিমুখী বাজারে শুরু হয়েছিল কচ্ছপ মেলা। আশেপাশের কোদালধোয়া, আন্ধারমানিক, বাটরা, বাহাদুরপুর, বাকাল, জলিরপাড়, পয়সারহাট, বড়মগরাসহ কোটালীপাড়া উপজেলার রামশীল, ভেন্নাবাড়ি, কদমবাড়ী, বান্ধাবাড়ি ও মাদারীপুর জেলার কালকিনি থেকেও অনেকে কচ্ছপ কিনতে আসতেন এ মেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১০৬ঘ.
bdnews24