আল ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রীর এপিএসের গাড়ি থেকে টাকা পাওয়ার ঘটনায় আলোচনায় উঠে আসা চালক আলী আজম খানের সন্ধানের পাশাপাশি তার নিরাপত্তার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।
অর্থ কেলেঙ্কারির ঘটনা সোমবার রাতে প্রকাশ হওয়ার পর বুধবার থেকে আলী আজমের কোনো খবর পাওয়া যাচ্ছে না।
চাঁদপুরে আজমের বাড়িতে অবস্থানকারী তার বাবা-মাও তার কোনো খবর দিতে পারেননি।
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর নওগাঁও গ্রামের খান বাড়ির আজম ঢাকায় মোহাম্মদপুর এলাকায় থাকেন।
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে বহনকারী একটি গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়ার খবরটি আজমের তৎপরতায় প্রকাশ পায় বলে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে।
আজমের খবর ঢাকার পুলিশও জানে না বলে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় সমালোচনার মুখে থাকা মন্ত্রী সুরঞ্জিত বলেছেন, আজমের খবর জানে বিজিবি।
সোমবার রাতে আজম গাড়িটি পিলখানার বিজিবি সদর দপ্তরের মূল ফটকের দিকে চালিয়ে দিলে গাড়িটি আটক করা হয়। পরে তাতে ৭০ লাখ টাকা পাওয়া যায় বলে বিভিন্ন পত্রিকার খবর। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
আজমের বৃদ্ধ বাবা দুদ মিয়া সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের ছেলেকে ফিরে পেতে চাই এবং আমার ছেলের নিরাপত্তা চাই। এই ঘটনার সঙ্গে যদি আমার ছেলে জড়িত থাকে, সেটারও বিচার চাই। অন্য কেউ যদি জড়িত থাকে, তাদেরও বিচার চাই।”
দুদ মিয়াও গাড়ি চালাতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসচালক হিসেবে ৩২ বছর কাজ করার পর ১৯৯৯ সালে অবসরে যান তিনি।
আজমের চাচা ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান জানান, পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ আজম স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ঢাকায় থাকেন।
আজমের বড় বোন নাজমা খান বলেন, গত ২ বছর ধরে আজম ঢাকায় গাড়িচালনার চাকরি করছে। চাকরি নেওয়ার পর থেকে তার ভাই আর বাড়িতে আসেনি।
আজম নম্র স্বভাবের ছিল বলে জানান তার বাল্যবন্ধু আবদুল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩০ ঘ.
bdnews24