চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার এবং রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে বহনকারী গাড়িতে টাকা পাওয়ার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের দাবি জানিয়েছে রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতারা মৃধাকে তার পদ থেকে অপসারণ করে জিজ্ঞাসাবাদের দাবিও জানান।
রেল কর্মচারী সংগঠনের নেতারা দাবি করেন, ইউসুফ আলী রেলওয়ের সা¤প্রতিক নিয়োগের ক্ষেত্রে ১০ কোটির টাকার মতো ঘুষ নিয়েছেন। ছয় মাস আগে থেকে তারা অভিযোগ জানিয়ে এলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গা করেনি।
রেলমন্ত্রীর নাম ভাঙিয়ে ঘুষ নেওয়া হয়েছে দাবি করে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মোখলেছুর রহমান বলেন, তারা আগেও রেল সচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনো ফল আসেনি।
ঘুষ লেনদেনের সঙ্গে রেলমন্ত্রী জড়িত বলে মনে করেন কি না- জানতে চাইলে মোখলেছুর বলেন, “তা আমরা জানি না। যদি যুক্ত থাকেন, তবে তারও বিচার হোক। আর মন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ নিজেদের বাঁচাতে চেষ্টা করলে তাদেরও বিচার হোক।”
গত সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএসকে বহনকারী গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়ার পর তা নিয়ে সমালোচনায় রয়েছেন সুরঞ্জিত। এই ঘটনা খতিয়ে দেখতে মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগ্রাম পরিষদের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মো. হারুনুর রশিদ বলেন, রেলে নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে সংগ্রাম পরিষদ প্রতিবাদী হয়ে ছয় মাস আগে থেকে সরকারের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফ্যাক্সবার্তা, স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ কর্মসূচি দিয়ে আসছি।
“ওই সময়ে মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিলে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের ঘৃন্য অপরাধের তিলক আমাদের পরতে হত না,” বলেন তিনি।
হারুনুর রশিদ বলেন, “রেলওয়ের আলাদা মন্ত্রণালয় গঠনের পর নিয়োগে ঘুষ গ্রহণে রেলমন্ত্রী সম্পৃক্ত বলে জিএম ইউসুফ মৃধা বলতেন। এই কথা মন্ত্রণালয়কেও জানিয়েছিলাম আমরা।
“এই বছরের ২৮ মার্চ সংগ্রাম পরিষদের ১৪ জন প্রতিনিধি মন্ত্রীর সঙ্গে দেখা করে তাকেও জানানো হয়েছিল।”
সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদ নেতারা রেলওয়ের পূর্বাঞ্চলে এখনো পর্যন্ত যেসব পদে নিয়োগ চূড়ান্ত হয়নি তা আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এস কে বারী খোকন, কেন্দ্রীয় আহবায়ক আবদুস সবুর, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২৩ ঘ.
bdnews24