চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরী ও রাউজানে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক ও একজন ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মিজানুর রহমান জানান, নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো এবং রাউজানের রঘুনন্দনপুর চৌধুরী হাটে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- আতুরার ডিপো এলাকার আবদুল মালেকের ছেলে রিকশাভ্যান চালক মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫) এবং রাউজানের হাফিজিয়া ময়নুন মাদ্রাসার শিক্ষক মো. সুমন (৩৫)।
মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে আতুরার ডিপো ট্যানারি বটতল এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে চালক জাহাঙ্গীর ও তার সহকারী নূর নবী (৩২) গুরুতর আহত হন।
তাদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাউজান রঘুনন্দন চৌধুরী হাটে একটি প্রাইভেট কার সাইকেলআরোহী মো. সুমনকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় বলে মিজানুর রহমান জানান।
মো. সুমন বাগেরহাটের শরণ খোলার মো. শরিফের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/১৪০০ ঘ.
bdnews24