২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদের আগেই ‘বাতিল’ কোটি টাকার দ্বিতল বাস

যন্ত্রাংশের দামের কারণে মেরামত না করায় ‘বাতিল’ হতে বসেছে বিআরটিসির ৪৫টি দ্বিতল ভলভো বাস, যার বিকল্প হিসাবে ২৯০টি দ্বিতল বাস কেনা হচ্ছে। আশিক হোসেনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 07:13 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রাংশের ‘অতিরিক্ত’ দামের কারণে মেরামত না করায় মেয়াদ পূর্ণ হওয়ার পাঁচ বছর আগেই ‘বাতিল’ হতে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৪৫টি দ্বিতল ভলভো বাস, যার বিকল্প হিসাবে ভারত থেকে নতুন ২৯০টি দ্বিতল বাস আসছে। বিআরটিসির মহা ব্যবস্থাপক (কারিগরি) মেজর মো. ফিরোজ খান্নম ফারাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রক্ষণাবেক্ষনের অভাবে ভলবো দ্বিতল বাসগুলো বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে থেকেই বিকল হয়ে আছে। ৫০টির মধ্যে পাঁচটি বাস দেশীয় প্রযুক্তিতে মেরামত করে চালানো হচ্ছে।” বাকিগুলো মেরামত না করার পক্ষে তার যুক্তি, খুচরা যন্ত্রাংশের দাম ‘অত্যাধিক বেশি’ হওয়ায় ভলভো দ্বিতল বাসগুলো আবার চালু করা ‘অর্থহীন’। তা করতে গেলে প্রতিটি বাসের পেছনে খরচ হবে ৩০ থেকে ৪০ লাখ টাকা, যা কোনোভাবেই ‘কস্ট ইফেকটিভ’ নয়। “এতো টাকা ব্যয়ে মেরামত করলেও এই বাসগুলো থেকে যে ‘আউটপুট’ পাওয়া যাবে তা যথেষ্ট হবে না”, বলেন তিনি। তিনি জানান, বিকল্প হিসেবে বিআরটিসি কর্তৃপক্ষ ভারত থেকে অশোক লেল্যান্ডের ২৯০টি দ্বিতল বাস আনছে, যার মধ্যে ২৬টি ইতোমধ্যে দেশে পৌঁছেছে। বাকিগুলোও আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এসে যাবে বলে আশা করছেন তারা। রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে ১৯৯৯ সালে ঢাকা নগর পরিবহন উন্নয়ন প্রকল্পের এক সভায় ঢাকার রাস্তায় বিপুল সংখ্যক দ্বিতল বাস নামানোর পরামর্শ দেওয়া হয়। এর কারণ হিসাবে বলা হয়, প্রতিটি ভলভো দ্বিতল বাসে ১২০ জন বসে এবং ৪০ জন দাঁড়িয়ে ভ্রমণ করতে পারেন। এই হিসাবে একটি ভলভো দ্বিতল বাসে প্রায় পাঁচটি মিনিবাসের সমান যাত্রী বহন করা সম্ভব। এই সুপারিশের আলোকে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (সিডা) আর্থিক সহায়তায় ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে আমদানি করা হয় ৫০টি দ্বিতল ভলভো বাস। প্রতিটি বাসের জন্য এক কোটি তিন লাখ টাকা হিসেবে সে সময় ব্যয় হয় প্রায় ৬৫ কোটি টাকা। ফিরোজ খান্নম ফারাজি জানান, চালুর সময় বাসগুলোর ন্যূনতম আয়ুষ্কাল ধরা হয়েছিল ১৫ বছর। সেই হিসাবে ঢাকার রাস্তায় এসব বাসের চলার কথা ২০১৭ সাল পর্যন্ত। কিন্তু তার বহু আগেই ৪৫টি বাস অকেজো হয়ে বসে আছে রক্ষাণাবেক্ষণের অভাবে। অবশ্য বিআরটিসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুরুর দিকে সরবরাহকারী প্রতিষ্ঠান সুইডিস মোটরস থেকেই ভলভো বাসের খুচরা যন্ত্রাংশ নেওয়া হতো। বিগত জোট সরকারের আমলে বাকিতে যন্ত্রাংশ কেনায় প্রতিষ্ঠানটির পাওনা দাঁড়ায় প্রায় ৭০ লাখ টাকা। এ টাকা পরিশোধ না করায় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সুইডিস মোটরস যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয়। ভলভো বাসগুলোর মধ্যে ১৭টি অকেজো হয়ে যায় ২০০৮ সালে। ২০০৯ সালে বিকল বাসের সংখ্যা দাঁড়ায় ২৪টিতে। এরপর দুই বছরের মধ্যে বাকিগুলোও অকেজো হয়ে পড়ে। বর্তমানে কেবল পাঁচটি বাস মেরামত করে চালু রাখা হয়েছে। বিআরটিসির পুরানো ও বিকল বাস নিলামে বিক্রি করে দেওয়ার সুযোগ থাকলেও ভলভো দ্বিতল বাসগুলোর বিষয়ে এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। ফিরোজ খান্নম ফারাজি বলেন, “বাসগুলো মিরপুরের বিআরটিসি ডিপো এবং গাজীপুরের মেরামত কারখানায় রাখা আছে। এগুলো নিয়ে কী করা হবে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৩০২ ঘ.