ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন, যাকে গাড়ি ও মোটর সাইকেলে ছিনতাই চক্রের ‘হোতা’ বলে দাবি করেছে র্যাব।
নিহতের নাম তুষার মাসুদ (৩২)। শুক্রবার ভোরে গ্রীনরোড চৌরাস্তায় তিনি নিহত হন।
র্যাব-২ এর উপ-অধিনায়ক সাইফুল করিম সাইফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মাইক্রোবাস দেখে সন্দেহ হওয়ায় র্যাবের একটি টহল দল চালককে থামার সংকেত দেয়।
“গাড়ি থামানোর জন্য গতি কমিয়েও হঠাৎ গাতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। র্যাব সদস্যরা মাইক্রোবাসটির পিছু নিলে গাড়িটি থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, র্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ এভাবে চলার পর গাড়িটি থেমে যায়।”
সাইফুলের দাবি, গোলাগুলির পর মাইক্রোবাসের ভেতরে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পান র্যাব সদস্যরা। সঙ্গে পাওয়া যায় তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও দুটি মোবাইল ফোন সেট।
“মোবাইল ফোনের কললিস্ট ধরে কয়েকজনকে ফোন করার পর একজন নারী ফোন ধরে বলেন এটা তার স্বামীর নম্বর, নাম তুষার মাসুদ।”
উপ-অধিনায়ক বলেন, তুষার মাসুদ ঢাকা মহানগর এলাকায় গাড়ি ও মোটর সাইকেল ছিনতাইকারীদের একটি চক্রের প্রধান। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
্
এদিকে বৃহস্পতিবার রাত ২টার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে সন্ত্রাসীদের গুলিতে মতিউর রহমান বকুল (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন।
আনিসুর রহমান নামে এক ব্যক্তি রাত আড়াইটার দিকে বকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকেেমক জানান।
তিনি বলেন, বকুলের শরীরে দুটি গুলি লেগেছে। তবে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১০৫৪ ঘ.
bdnews24