মাদারীপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত খোদেজা বেগম (২৫) সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী রেজাউল বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. মনিজ্জামান।
আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় খোদেজার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী রেজাউলকে গ্রেপ্তার করা হয়। লাশের গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘরের আঁড়ার সঙ্গে ঝুলানো অবস্থায় লাশের পা মাটিতে লাগানো ছিলো।
নিহতের স্বজনরা জানান, রেজাউল বেপারী খোদেজাকে না জানিয়ে কিছুদিন আগে ঢাকায় দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তিন দিন আগে কয়েকদফা সালিশ হয়েছে। সালিশে রেজাউলকে তার শ্বশুরবাড়ি থেকে ৪০ হাজার টাকা দিয়ে গ্রামেই ব্যবসা বাণিজ্য করে খোদেজাকে নিয়ে থাকার সিদ্ধান্ত হয়।
নিহত খোদেজার বাবা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ঘরে একা পেয়ে পিটিয়ে হত্যা করে রেজাউল লাশ ঝুলিয়ে রেখেছে।”
ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। আপাতত একটি অপমৃত্য মামলা দায়ের করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যা নিশ্চিত হলে হত্যা মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৮৪৮ ঘ.
bdnews24