২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টিপাতের সেই সংবাদদাতা গ্রেপ্তার

সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সংশ্লিষ্ট সংবাদদাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

সাতক্ষীরা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সংশ্লিষ্ট সংবাদদাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে আগেরদিন পত্রিকাটির প্রকাশনা বাতিল করা হয়েছিলো। বৃহস্পতিবার সকালে গাজীপুর শহরের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিজানকে সাতক্ষীরায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মিজান জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট কীনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মিজান কালিগঞ্জের ফতেপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি উপজেলার কাটুনিয়া কলেজের প্রভাষক। দৃষ্টিপাত পত্রিকায় তিনি ইউনিয়ন সংবাদদাতা হিসেবে যুক্ত ছিলেন। প্রকাশনা বাতিল এদিকে জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক আদেশে বুধবার দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশনা বাতিল করা হয়। কালীগঞ্জে ‘হুজুরে কেবলা’ নাটকে মহানবীকে (সাঃ) অসম্মান করা হয়েছে- ২৯ মার্চ এমন একটি সংবাদ ছাপে পত্রিকাটি। এরপর ওই সংবাদের জের ধরে ওই অঞ্চলের ১১টি বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর-লুটপাট ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪ এপ্রিল পত্রিকাটির প্রকাশক ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিলো। কিন্তু উপযুক্ত কারণ দেখাতে পারেননি তিনি। সম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার অভিযোগে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে।” আরো ৭ জন গ্রেপ্তার এর আগে বুধবার সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি এ কে এম আলী নূর হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হলো। স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ কালীগঞ্জের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবুল মনসুর আহমেদের ‘হুজুরে কেবলা’ নাটকটি মঞ্চস্থ করে। নাটকের সংলাপে মহানবীকে অসম্মান করা হয়েছে বলে একটি গোষ্ঠী কালিগঞ্জ উপজেলার ফতেপুর ও চাকদহা গ্রামে ১১টি বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ করেন। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে গত ৪ এপ্রিল নীলকন্ঠপুর গ্রামের খলিলুর রহমান কালিগঞ্জ থানায় যে মামলাটি দায়ের করেন সেই মামলাতেই মিজানকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৩০ ঘ.