ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও টাঙ্গাইলে তড়িতাহত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। ঢাকার তিনটি স্থানে মারা গেছেন তিন জন। অন্যদিকে টাঙ্গাইলের গোপালপুরে মারা গেছেন এক জন।
রাজধানীর ঘটনা তিনটি ঘটে বৃহস্পতিবার সকালে সবুজবাগ, রমনা ও তেজগাঁও থানা এলাকায়। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মুজিবুর রহমান (৩৫) ও হাফিজুর রহমান (২৮)। নিহত অন্য যুবকের (২২) পরিচয় মেলেনি।
তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুজিবুর সকালে পূর্ব মানিকনগরের একটি বাসায় বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে তড়িতাহত হন।
হাফিজুর ইস্কাটন গার্ডেন রোডে ‘জামান কোম্পানির’ মাটি কাটার কাজ করার সময় তড়িতাহত হন বলে পুলিশ জানায়।
তড়িতাহত অন্য যুবককে আনা হয় কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হলের সামনে থেকে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকটির লাশ পাওয়া যায়। তড়িতায়িত খুঁটি স্পর্শ করায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ঢাকায় বেশ বৃষ্টিপাত হয়। ওই সময়ই ওই তিন জন তড়িতাহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান, গোপালপুর উপজেলার আলমনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক ঝন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়-বৃষ্টির সময় আলমনগর গ্রামের মজিবরের বাড়ির একটি মেহগনি গাছ ভেঙে বিদ্যুতের তারসহ টিনের ঘরের ওপর পড়ে। তখন টিনের বেড়ায় হাত দেওয়ায় তড়িতাহত হয় মজিবুরের ছেলে মোমিনুর (১০)।
মোমিনুরকে বাঁচাতে গিয়ে মজিবর, তার স্ত্রী ও মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে ঝন্টু চৌধুরী জানান। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর মোমিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য তিন জন সেখানে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/প্রতিনিধি/এমআই/১৭১৫ ঘ.
bdnews24