গাজীপুর/শরীয়তপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের চান্দনায় বজ্রপাতে একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র বিকল হয়ে পড়েছে। সদর উপজেলায় নিহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার সকালে বৃষ্টির সময় বজ্রপাতে এ দুটি ঘটনা ঘটে। এছাড়া শরীয়তপুরের নড়িয়াতেও বজ্রপাতে মারা গেছেন একজন।
নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার মারিয়ালী এলাকার বাছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪৫) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনশিং গ্রামের সরোয়ার ঢালীর স্ত্রী ফিরোজা বেগম (৩৫)।
সংশ্লিষ্টরা জানায়, সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে ঘাস কাটার সময় বজ্রপাতে মান্নান মারা যান। অপরদিকে ফিরোজা মারা যান নিজ বাড়ির উঠানে কাজ করার সময়।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মো. খালেদুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে বজ্রপাতে চান্দনা চৌরাস্তার ১২৫ কেভি সরবরাহ কেন্দ্রের (সাব স্টেশন) ৩৩ কেভির দুইটি ও ১১ কেভির ৩টি ব্রেকার এবং ১টি বাস কাপলার পুড়ে যায়।
“এতেই বিকল হয়ে পড়ে সরবরাহ কেন্দ্রটি। এই কেন্দ্রের আওতাধীন সকল গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছেন। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হতে পারে।”
পল্লী বিদ্যুতের প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ২০ জনের একটি দল কাজ শুরু করেছে। তবে তা শেষ করতে কত সময় লাগবে তা জানাতে পারেননি এজিএম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬১১ ঘ.
bdnews24