মানিক আকবর
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চুয়াডাঙ্গা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- চুয়াডাঙ্গায় ভুট্টাচাষিরা উৎপাদন খরচের চেয়েও কম মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে।
কৃষি বিভাগ বলছে, বাজারের নিয়ন্ত্রণ চাষিদের হাতে না থাকায় এ অবস্থা হয়েছে।
চাষিদের অভিযোগ, ১০-১২টি প্রতিষ্ঠান সারাদেশে ভুট্টার বাজার নিয়ন্ত্রণ করে। গত দু’মাসে মণপ্রতি দাম প্রায় আড়াইশ’ টাকা কমেছে।
এরমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে ভুট্টা কেনা বন্ধ করে দিয়েছে। ফলে যারা কিনছে তাদের কাছেই কৃষকরা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে।
মণপ্রতি ভুট্টার উৎপাদন খরচ হয় কমবেশি আট হাজার টাকা।
এ বছর বিক্রি শুরু হওয়ার প্রথম দিকে মণপ্রতি ৮/৯ হাজার টাকা বিক্রি হলেও পরবর্তীতে তা ছয়শ’ থেকে সাড়ে ছয়শ’ টাকায় নেমে আসে।
চুয়াডাঙ্গার সুবদিয়া গ্রামের ভূট্টাচাষি আশরাফ আলী বলেন, ফেব্রুয়ারি মাসে চাষিরা মণপ্রতি সাড়ে আটশ’ টাকার বেশি দরে ভুট্টা বিক্রি করেছে। এখন সেই ভুট্টার দাম মণপ্রতি ৬০০ টাকা।
গোয়ালপাড়া গ্রামের চাষি ইসমাইল হোসেন বলেন, গত বছর তিনি ৯০০ টাকা মণ দরে ভুট্টা বিক্রি করেছিলেন।
জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের রায়হান আলী দেড় বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। খরচ হয় ১৩ হাজার টাকা। এবার বিক্রি করে লাভ করতে পারেননি। কোনো রকমে খরচ উঠেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, “কৃষকের হাতে বাজারের নিয়ন্ত্রণ থাকে না। উৎপাদিত ফসল তারা ঘরেও রাখতে পারে না। ফলে বাজারে আমদানি বেশি। এখন যারা ভুট্টা কিনে রাখছেন তারা ঠিকই লাভবান হবেন।”
তিনি কৃষকদের ভুট্টা ঘরে রেখে দেওয়ার পরামর্শ দেন।
গতবছর চুয়াডাঙ্গায় ৩৪ হাজার ৪৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছিল। এবছর তা বেড়ে ৪০ হাজার ৫১৫ হেক্টরে গিয়ে দাঁড়িয়েছে, বলেন তিনি।
থাইল্যান্ডভিত্তিক মুরগির খাবার তৈরির প্রতিষ্ঠান সিপি বাংলাদেশের স্থানীয় শাখা ব্যবস্থাপক এনামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝ ফেব্রুয়ারিতে তারা মণপ্রতি ৮৬০ টাকা পর্যন্ত ভুট্টা কিনেছেন। এখন ৬০০ থেকে ৬২০ টাকা দরে কিনতে পারছেন।
“আফতাব পোল্ট্রি ফিড, কাজী পোল্ট্রি ফিড ভুট্টা কেনা বন্ধ করে দিয়েছে। আমরা এখনো কিনছি। আমরা বন্ধ করে দিলে দাম আরো কমে যাবে,” যোগ করেন এনামূল।
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের ভুট্টা ব্যবসায়ী মিজানুর রহমান মিঠু বলেন, প্রতিদিনই ভুট্টার দাম কমছে। বড় ব্যবসায়ীরাও ভুট্টা কিনে শঙ্কায় আছে।
বার্ড ফ্লু’তে মুরগি মারা যাওয়ায় খাবারের চাহিদা কম। এসব কারণ দেখিয়ে ফিড ফ্যাক্টরিগুলো ভুট্টার দাম কমিয়েছে বলে মন্তব্য করেন মিঠু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২০ ঘ.
bdnews24