২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ৪৩ জন সেবিকা অজ্ঞাত রোগে আক্রান্ত

কুড়িগ্রাম সদর হাসপাতালের নার্সিং ইন্সটিটিউটের ৪৩ জন প্রশিক্ষণার্থী সেবিকা মঙ্গলবার রাতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

কুড়িগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর হাসপাতালের নার্সিং ইন্সটিটিউটের ৪৩ জন প্রশিক্ষণার্থী সেবিকা মঙ্গলবার রাতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছেন। এ ঘটনা অনুসন্ধানে সদর হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকায় করা একটি কমিটি কাজ শুরু করেছে। এ ঘটনায় বুধবার প্রশিক্ষণার্থী নার্সদের সব ক্লাস, পরীক্ষা ও হাসপাতালের ডিউটি স্থগিত করা ছিল। সেবিকা শান্তি রায় সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে কর্তব্যরত অবস্থায় প্রথমে পাঁচজন অসুস্থ হন। ওই সময় আকস্মিকভাবে তাদের জ্বর, মাথাব্যাথা, কাশি, বমি, গলা ব্যথা ও পেটের পীড়ায় আক্রান্ত হয়। ভোর রাত পর্যন্ত আরো ২২ জন এবং সন্ধ্যা পর্যন্ত মোট ৪৩ জন সেবিকা অসুস্থ হন। অন্যদের নিরাপত্তার জন্য নার্সিং ইনস্টিটিউটের শ্রেণিক্ষকে হাসপাতালের অস্থায়ী ওয়ার্ড বানিয়ে আক্রান্তদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সেবিকা, চিকিৎসকসহ স্টাফরা আতংকিত হয়ে পড়েছেন বলে তারা জানান। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নজরুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ডা. অজয় কুমার রায়, নজরুল ইসলাম ও শহিদুল্লাহ লিংকনকে নিয়ে তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমটি সার্বক্ষণিকভাবে আক্রান্তদের তদারকিতে রয়েছে। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. বিডি বিধূকে আহ্বায়ক করে গঠিত একটি মেডিকেল টিম বুধবার রাতের মধ্যে ও ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম আসার কথা রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৫৪ ঘ.