নারায়ণগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ব্যবসায়ী জসিমউদ্দিন সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ১০টায় ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা থেকে তিনি পাঁচ লাখ টাকা উত্তোলন করেন।
এরপর এক বন্ধুকে দুই টাকা লাখ টাকা দিয়ে বাকি তিন লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।
সাইনবোর্ড এলাকায় পৌঁছলে একটি সাদা রঙের মাইক্রোবাস গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়।
কিছুদূর গিয়ে ছিনতাইকারীরা তাকে মাইক্রোবাসের ভেতর মারধর করে তিন লাখ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পরে রূপগঞ্জের পূর্বাচলের জিন্দা পার্ক এলাকায় তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানায় জানালে বিকালে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.
bdnews24