গাইবান্ধা, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সফর্মার বিকল থাকায় গাইবান্ধা শহরের তিনটি মহল্লায় এক সপ্তাহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এতে শহরের প্রফেসর কলোনী, সুন্দরজাহান মোড় এবং পশ্চিম গোবিন্দপুর এলাকার পাঁচ শতাধিক পরিবার দুর্ভোগ পোহাচ্ছে।
এ দুর্ভোগের জন্য এলাকাবাসী বিদ্যুৎ বিভাগের উদাসীনতাকে দায়ী করছে।
প্রফেসর কলোনীর বাসিন্দা মমতাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সপ্তাহ আগে পশ্চিম গোবিন্দপুর মহল্লায় একটি ট্রান্সফর্মার বিকল হয়ে যায়।
বিদ্যুৎ বিভাগকে বিষয়টি বার বার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গোবিন্দপুর গ্রামের সোলায়মান সরকার জানান, বিদ্যুৎ না থাকায় কৃষি ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। ইরি-বোরো জমির সেচ বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হেলাল আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রান্সফর্মার নষ্ট হওয়ার পর তাৎক্ষণিকভাবে নতুন ট্রান্সফর্মারের ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়।
এজন্য সময়ের প্রয়োজন। শীগগিরই ট্রান্সফর্মারের ব্যবস্থা করা হবে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯১৬ ঘ.
bdnews24