ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৭ বিচারকের ১৫ জন স্থায়ী হয়েছেন; বাদ পড়েছেন সেই দুজন, যাদের নিয়োগের পর শপথ পড়াতে অনীহা জানিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি।
বুধবার স্থায়ী নিয়োগ পাওয়া ১৫ বিচারক হলেন- বিচারপতি মো. ফারুক (এম ফারুক), বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি এ এন এম বশিরউল্লাহ, বিচারপতি আবদুর রব, বিচারপতি কাজী রেজা-উল হক, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি মো. হাবিবুল গণি, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি জে বি এম হাসান।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের এই নিয়োগ আদেশ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বুধবার জানায়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এই নিয়োগ দিয়েছেন। শপথ নেওয়ার দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।
২০১০ সালের ১১ এপ্রিল রাষ্ট্রপতি এই ১৫ অতিরিক্ত বিচারককে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিলেন। তখন তাদের সঙ্গে নিয়োগ পান রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামান।
তৎকালীন প্রধান বিচারপতি ফজলুল করিম ওই বছরের ১৮ এপ্রিল ১৭ জনের মধ্যে ১৫ জনকে শপথ পড়ালেও রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামানকে শপথ পড়াননি।
জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস বাবু এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ খসরুজ্জামানের নিয়োগে আপত্তি জানিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও।
নিয়োগের প্রায় ৬ মাস পর এ বি এম খায়রুল হক প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর ওই দুই বিচারককে শপথ পড়ান।
বিএনপি সমর্থক আইনজীবীরা অভিযোগ করেছিল, রুহুল কুদ্দুস বাবুর বিরুদ্ধে হত্যা মামলা ছিল এবং মোহাম্মদ খসরুজ্জামান এক সময় সুপ্রিম কোর্ট এলাকায় ভাংচুরে অংশ নিয়েছিলেন।
তবে দুজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২১৩০ ঘ.
bdnews24