২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতন: ঢাবিতে ছাত্র-শিক্ষক সমাবেশ

সাতক্ষীরার কালিগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘুদের’ বাড়িতে লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘুদের’ বাড়িতে লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন ছাত্র-শিক্ষক’ ব্যানারে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ থেকে অবিলম্বে হামলা ও নির্যাতনকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেহপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছে- এমন অভিযোগ এনে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের কর্মী-সমর্থকরা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি বাড়িতে লুটপাট চালায় এবং তাদের ওপর নির্যাতন করে। সমাবেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “প্রশাসনের নীরবতা, ধর্মান্ধতা এবং সম্পদ দখলের লোভ এই তিনটির প্রতিফলন সাতক্ষীরায় লক্ষ্য করা যায়।” “যে নাটকটির কারণে এ ঘটনা- আবুল মনসুর আহমেদ রচিত ‘হুজুর কেবলা’ নামক সেই নাটকটি আজ থেকে প্রায় ৮০ বছর আগের লেখা এবং অসংখ্যবার বিভিন্ন জায়গায় মঞ্চায়িত হয়েছে, কোথাও কোন সমস্যা হয়নি”, বলেন আকাশ। এ সময় সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত পরিবারের একজন লক্ষিপদ মন্ডল ও ওই এলাকার স্থানীয় সাংবাদিক অসিম চক্রবর্তী ওইদিনের ঘটনার বর্ণনা দেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও কাবেরী গায়েনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক আনোয়ার হোসেন, কবি মুহম্মদ সামাদ, অধ্যাপক নিরঞ্জন অধিকারীসহ প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা সমাবেশে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৩ ঘ.