২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আরেকটি থানা

রাজধানীতে ভাটারা নামের নতুন একটি থানা বুধবার থেকে যাত্রা শুরু করেছে, এর মধ্য দিয়ে ঢাকা মহানগরীতে থানার সংখ্যা হল ৪৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ভাটারা নামের নতুন একটি থানা বুধবার থেকে যাত্রা শুরু করেছে, এর মধ্য দিয়ে ঢাকা মহানগরীতে থানার সংখ্যা হল ৪৪। বাড্ডা থানার একাংশ নিয়ে এই নতুন থানা গঠন করা হয়েছে। ভাটারা, সুতিভোলা, জোয়ার সাহারা ও কাঁঠালদিয়া এলাকা নিয়ে গঠিত হয়েছে এই থানা। এই এলাকার বাসিন্দা প্রায় আড়াই লাখ। বুধবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুরাতন বাড্ডা থানা ভবনে এই থানার উদ্বোধন করেন। নতুন থানার জন্য স্থান ছেড়ে দিয়ে বাড্ডা থানা মঙ্গলবার রাতে পাশের একটি ভাড়া বাড়িতে স্থানান্তর হয়েছে। সাহারা খাতুন বলেন, নতুন থানা গঠনের উদ্দেশ্য হলো আরো সহজে সাধারণ মানুষকে সেবা দেওয়া। এতে মানুষ উপকৃত হয়। পুলিশকে জনবান্ধব হওয়ার পরামর্শও দেন তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, উপ-কমিশনার লুৎফুল কবীর বক্তব্য দেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (সদর) হাবিবুর রহমান জানান, খুব শিগগিরই রাজধানীতে রূপনগর, ভাষানটেক, শাহজাহানপুর, মুগদা ও উত্তরা পশ্চিম নামের পাঁচটি থানা উদ্বোধন হবে। ‘ সাগর-রুনি হত্যার তদন্ত চলছে’ অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে সাহারা খাতুন বলেন, “তদন্ত চলছে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা সম্ভব নয়।” সাগর-রুনি খুন হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন তারা। সৌদি কূটনীতিক খালাফ হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত গুরুত্ব দিয়েই এ হত্যা মামলার তদন্ত করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/এমআই/২১১০ ঘ.