২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পদযাত্রার কর্মসূচি তেল-গ্যাস রক্ষা কমিটির

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি কনকো-ফিলিপস এবং রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এনপিসির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি কনকো-ফিলিপস এবং রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এনপিসির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কর্মসূচি অনুযায়ী আগামী ২৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে পদযাত্রা ও সমাবেশ হবে। এছাড়া ৭ মে ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ অফিস ও বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে বিক্ষোভ হবে। মঙ্গলবার পুরানা পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এই কর্মসূচি ঘোষণা করেন। আনু মুহাম্মদ বলেন, “সমুদ্রসীমায় সব সম্পদের মালিক বাংলাদেশের জনগণ। অথচ সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে নিষ্পত্তি হওয়ার পর কনকো-ফিলিপসকে সমুদ্রের আরো ছয়টি ব্লক দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।” “গত বছরের ১৬ জুন সরকার মার্কিন কোম্পানির সঙ্গে যে চুক্তি করে, তা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেনি বরং বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে বড় বিপদের মুখে নিক্ষেপ করেছে,” বলেন তিনি। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী দাবি করে অর্থনীতির এই অধ্যাপক বলেন, “বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ত সব বিদ্যুৎ কেন্দ্র চালু এবং আরো কিছু কেন্দ্র মেরামত করলে সব মিলিয়ে প্রায় ২৪০০ মেগাওয়াটের মত অতিরিক্ত বিদ্যুৎ বর্তমান অবকাঠামো থেকেই পাওয়া সম্ভব।” “রাষ্ট্রীয় বিদ্যুৎ কেন্দ্র মেরামত ও নবায়ন করলে এবং সেই সঙ্গে গ্যাস সরবরাহের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার করতে এক হাজার কোটি টাকাও খরচ হত না। আর আমরা বাড়তি ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতাম। তাতে ঋণের পাহাড় হত না, বারবার তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে হতো না,” বলেন তিনি। ভারতের রাষ্ট্রায়াত্ত এনটিপিসি ও পিডিবির যৌথ উদ্যোগে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সুন্দরবনকে হুমকির মুখে ঠেলে দেবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন- জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, লেখক সৈয়দ আবুল মকসুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২৩১৪ ঘ.