পঞ্চগড়, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে টানা ২৪ দিন অনশনের পর নিজেদের ঘরে ফিরে গেছেন পঞ্চগড়ের ছিটমহলবাসী।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর দূত হিসেবে সংরক্ষিত নারী আসনের স্থানীয় সাংসদ ফরিদা আক্তার হীরা পুটিমারী ছিটমহলে অনশনরতদের সামনে তিন দফা বাস্তবায়নে আশ্বাস দিলে তারা অনশন ভাঙেন।
এ সময় সেখানে বিভিন্ন ছিটমহলের প্রায় দুইশ’ অনশনকারী, উপেজলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে ছিটমহল বিনিময়সহ তিন দফা দাবিতে গত ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ শাখা বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সংলগ্ন পুঠিমারি ছিটমহলে অনশন শুরু করেন।
একই দাবিতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় ২৮ দিন ধরে অনশনের পর রোববার তা প্রত্যাহার করেন ছিটমহলবাসী। রাজ্য সরকারের নেতিবাচক ভূমিকায় ক্ষুব্ধ হয়ে অনশন প্রত্যাহার করা হয়। ছিটমহলবাসী ২৬ এপ্রিল নয়াদিল্লিতে ও ৩ মে কলকাতায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে।
সাংসদ ফরিদা আক্তার হীরা বলেন, “প্রধানমন্ত্রীর কথামতোই আমি এখানে এসেছি। আপনাদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল ও একাত্ম। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মূখার্জির আসন্ন ঢাকা সফরে বিষয়টি তুলে ধরে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”
পরে তিনি ছিটমহল সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সভাপতি ময়নুল হককে ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
এ সময় এ সাংসদ বলেন, বর্তমান সরকার ছিটমহল সমস্যা সমাধানে আন্তরিক। এই সরকারের আমলেই ছিটমহল সমস্যার সমাধান হবে।
ছিটমহল সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে সাময়িকভাবে অনশন ভঙ্গ করা হয়েছে। তবে, মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে নাগরিকত্বের মূল বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
সমন্বয় কমিটির দাবিগুলো হল- ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে অবিলম্বে ছিটমহল বিনিময় বাস্তবায়ন সম্পন্ন করা, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিমতের কারণ স্পষ্ট করে জানানো, ছিটমহলের মুসলমান বাসিন্দাদের হজে যাওয়া ও হিন্দুদের ধর্মীয় কাজ সম্পাদন বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯১৯ ঘ.
bdnews24