২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিসিএল কর্মকর্তার হাতে নারী সহকর্মী ‘লাঞ্ছিত’

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (বিজিসিএল) সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে নারী সহকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

সিরাজগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (বিজিসিএল) সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে নারী সহকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে কোম্পানির বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক (বিক্রয়) রফিকুল ইসলাম স্বাধীনের হাতে লাঞ্ছিত হওয়ার পর রাতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ওই নারী উপ-সহকারী প্রকৌশলী। কোম্পানির সিরাজগঞ্জ শাখার মহা-ব্যবস্থাপক (জিএম) রফিকুল ইসলাম জানান, স্বাধীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জিএম। অভিযোগকারী উপ-সহকারী প্রকৌশলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৮ জানুয়ারি তিনি সিরাজগঞ্জের অফিসে যোগ দিলেও তাকে কোনো কক্ষ দেওয়া হয়নি। এ জন্য মাঝে মাঝে ব্যবস্থাপকের কক্ষেই তিনি বসতেন। সোমবার বিকালে ওই ব্যবস্থাপক কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক শরীরে হাত দেন বলে অভিযোগ করেন তিনি। চিৎকার শুনে পাশের কক্ষে থাকা কয়েকজন কর্মচারী এসে তাকে উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত অফিস সহকারী আব্দুল মোমিন জানান, উপ-সহকারী প্রকৌশলীর চিৎকার শুনে তারা দৌড়ে যান। তখন ব্যবস্থাপক ঘরে থেকে বেরিয়ে মহা-ব্যবস্থাপকের কক্ষে চলে যান। কিছুক্ষণের মধ্যেই তিনি অফিস ত্যাগ করেন। এ বিষয়ে কথা বলতে অফিসে গিয়েও স্বাধীনকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। জিএম রফিকুল ইসলাম জানান, উপ-সহকারী প্রকৌশলী এর আগে ব্যবস্থাপকের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দিলেও কোনো সত্যতা না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮০৩ ঘ.