ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে নিয়োগে ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে।
টেলিটকে জটিলতার জন্য আবেদন করতে না পারা সাড়ে ১৩ হাজার জনের হাই কোর্টে যাওয়ার হুমকির মধ্যেই মঙ্গলবার এই তারিখ ঘোষণা করেছে সরকারি কর্মকমিশন- পিএসসি।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রিলিমিনারি পরীক্ষা ১ জুন হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএসসির তথ্যানুযায়ী, ৩৩তম বিসিএসে ১ লাখ ৮৩ হাজার ৬২৭ প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন।
৪ হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
গত ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে ৩৩তম বিসিএসের আবেদনপত্র গ্রহণ করা হয়।
অনলাইনে আবেদনপত্র পূরণের পর টেলিটকের মাধ্যমে ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করেছিল পিএসসি। তবে শেষ মুহূর্তে টেলিটকের সার্ভারে চাপ পড়ায় অনেকের আবেদন ফি জমা হয়নি।
বিষয়টি জানার পরও পিএসসি বলেছে, ফি জমা দিতে ব্যর্থ হওয়ারা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। কারণ আগেই সতর্ক করা হয়েছিল, শেষ সময়ে সবাই টাকা জমা দিতে চাইলে সার্ভারে চাপ পড়তে পারে।
সরকারি মোবাইল অপারেটিং কোম্পানি টেলিটক জানিয়েছে, শেষ মুহূর্তে তাদের সার্ভারে চাপ পড়ায় সাড়ে ১৩ হাজার আবেদনকারীর টাকা জমা হয়নি।
আবেদনপত্র পূরণে ব্যর্থ হওয়া একদল মঙ্গলবার সকালেই এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, পরীক্ষা দেওয়ার সুযোগ না পেলে তারা আইনের আশ্রয় নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/কিউএইচ/১৮০০ ঘ.
bdnews24