চট্টগ্রাম, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ড উপজেলার পন্থিছিলা বাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
নিহত ট্রাকচালক আবুল হাসেমের (৩৫) বাড়ি পাবনা জেলার সাথিঁয়া উপজেলার নন্দনপুর গ্রামে।
কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহ মোহাম্মদ আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, পন্থিছিলা বাজারে ভোর রাত সাড়ে তিনটার দিকে ঢাকাগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাতটা পাঁচ মিনিটে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনা আবুল হাসেমকে মৃত ঘোষণা করেন।
আহত বাস চালক শামসুল আলম (৩৫) এবং দুই সহকারী মিলন (৩০) ও ফারুক মিয়াকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৪০৬ ঘ.
bdnews24