২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে হামলা: গ্রেপ্তার আরো ৯

সাতক্ষীরার কালীগঞ্জে একটি নাটকে হযরত মুহাম্মদ (স.) কথিত কটূক্তির ঘটনায় বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সোমবার আরো নয় জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 06:22 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

সাতক্ষীরা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালীগঞ্জে একটি নাটকে হযরত মুহাম্মদ (স.) কথিত কটূক্তির ঘটনায় বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সোমবার আরো নয় জনকে আটক করেছে পুলিশ। সোমবার আটকরা হলেন- কালিগঞ্জের বসন্তপুর গ্রামের ছাকাত আলী (৪২), হাড়দ্দহা গ্রামের হানিফ আলী গাজী (৩৮), রবিউল ইসলাম (৪০), নৈহাটি গ্রামের আব্দুল জলিল গাজী (৪৫), কেরামত আলী গাজী (৩০), হাশেমপুর গ্রামের আব্দুল আজিজ ওরফে কেনা (৩০), কৃঞ্চনগর গ্রামের নুরুজ্জামান বাবু (২০), শংকরপুর গ্রামের সমশের গাজী (৫০) এবং চাচাই গ্রামের আব্দুল হান্নান (৩৮)। এ নিয়ে এ ঘটনায় ২১ জনকে আটক করা হলো। এদিকে গ্রেপ্তার আতঙ্কে উপজেলার ফতেপুর, বিষ্ণুপুর, চাকদহা, বসন্তপুর, গণপতিসহ বিভিন্ন গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। ফতেপুর গ্রামের ক্ষতিগ্রস্ত সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম ওরফে আকুল, শাহিনুর রহমান, হাসানুজ্জামান, জিয়াদ আলী, আব্দুল হাকিমের পরিবারের সদস্যরা জানান, কেএম মোশারফ হোসেন ও জুলফিক্কার আলীর নেতৃত্বে ৩১ মার্চ সকালে মিছিলসহ একদল লোক তাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। সোমবার সরেজমিন গিয়ে দেখা গেছে, ফতেপুর, বিষ্ণুপুর, চাকদহা, বসন্তপুর, গণপতিসহ বিভিন্ন গ্রামে পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। এসময় গ্রামগুলোতে পুরুষ দেখা গেছে খুব কম। কালিগঞ্জ থানার ওসি এ কে এম আলী নুর হোসেন বলেন, আদালতে হাজির করলে আটক নয় জনকে কারাগারে পাঠানো হয়। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। স্বাধীনতা দিবসে পরিবেশিত নাটকের সংলাপকে কেন্দ্র করে গত ৩১ মার্চ কালিগঞ্জের ফতেপুর ও চাকদহা গ্রামের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালানো হয়। এছাড়াও ১ এপ্রিল রাতে কালীগঞ্জ সীমান্তের চাকদহা গ্রামের কয়েকটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জাতীয় পার্টি ও জামায়াত-শিবিরের ৯৫ জন নেতা-কর্মী ছাড়াও অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে শুক্রবার (৬ এপ্রিল) কালীগঞ্জ থানায় চারটি মামলা হয়। আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাপা নেতা জুলফিকার আলী, শিবির সদস্য মাসুম বিল্লাহ ও জামায়াতের মিজানুর রহমান। এছাড়া নাটক পরিবেশনের ঘটনায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবু জাফর সাপুই বাদী হয়ে গত ৩০ এপ্রিল থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/পিডি/০০২৩ ঘ.