ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- রবীন্দ্র সংগীত সাধনা ও প্রচার-প্রসারে বিশেষ অবদানের জন্য সনজীদা খাতুনকে বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মাননা ‘দেশিকোত্তম’ দেওয়া হচ্ছে।
ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ এপ্রিল বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে।
ছায়ানটের সভাপতি সনজীদা খাতুনের আগে ১৯৯৯ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সম্মাননা পেয়েছিলেন।
৭৯ বছর বয়সি সনজীদা খাতুন একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক। ছায়ানটের পাশাপাশি জাতীয়রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য তিনি। প্রচলিত ধারার বাইরে ভিন্নধর্মী একটি শিশুশিক্ষা প্রতিষ্ঠান নালন্দার সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।
ড. কাজী মোতাহের হোসেনের মেয়ে সনজীদার জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল।
সনজীদা ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি।
দীর্ঘদিন অধ্যাপনার পর সনজীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অবসর নেন।
সনজীদা খাতুন একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কারে (পশ্চিমবঙ্গ, ভারত) ভূষিত। তিনি ১৬টির মতো গ্রন্থ রচনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এসএন/এমআই/২১৪৬ ঘ.
bdnews24