ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বিক্রি করায় খুচরো বিক্রির চেইন শপ স্বপ্ন, আগোরা ও মীনাবাজারকে এক লাখ টাকা করে জরিমানা করেছে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে খাদ্যপণ্যে কাপড়ের রং ব্যবহার করায় দুই লাখ টাকা জরিমানা করা হয় আইডিয়াল এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড নামে এক প্রতিষ্ঠানকে।
সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) পরিচালক মো. লুৎফর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আইডিয়াল এগ্রো ফুড (৪৬৩ গ্রীনওয়ে, মগবাজার, ঢাকা) নারায়ণগঞ্জের ঠিকানা ব্যবহার করে বিএসটিআই’র প্রয়োজনীয় সনদ না নিয়ে নুডলস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কারী পাউডার ইত্যাদিসহ সর্বমোট ৭৭ ধরনের খাদ্যপণ্য বাজারজাত করছিল। নিম্নমানের পরিবেশে মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছাড়া কাপড়ের রং ও নিম্নমানের ফ্লেভার, আটা, চকপাউডারসহ অজানা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হতো এসব পণ্যে।
এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত মালিক পক্ষের মো. বারেককে (৩৫) দুই লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা সিলগালা করার পাশাপাশি এতে রক্ষিত বিপুল পরিমাণ মালামাল ধ্বংস করা হয়।
এরপর প্রতিষ্ঠানে পাওয়া কার্যাদেশের ভিত্তিতে স্বপ্ন, আগোরা ও মীনাবাজারের মগবাজার শাখায় যায় ভ্রাম্যমাণ আদালত। সেগুলোতে আইডিয়াল এগ্রো ফুডের পণ্য পাওয়া যায়।
আদালত প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করে।
এছাড়া প্রতিষ্ঠানগুলো থেকে আইডিয়াল এগ্রো ফুড প্রোডাক্টসের মালামাল ধ্বংসও করা হয়।
অভিযানটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন, বিএসটিআই’র কর্মকর্তা ও এসপি জাহাঙ্গীর আলমসহ র্যাব-৩ এর সদস্যরা অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪৮ ঘ.
bdnews24