কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় থেকে দুইশ’ টাকার মধ্যে মাঝারি আকারের মুরগি এখন আর স্বপ্নেও কল্পনা করা যায় না। তবে ঢাকার বিভিন্ন বাজারেই কেজিপ্রতি মাত্র চল্লিশ টাকায়ও মিলে যেতে পারে চামড়া ছাড়ানো ‘সতেজ’ মুরগি।
দেখতে ‘সতেজ’ হলেও প্রকৃত অর্থে এগুলো পরিবহনের সময় মরে যাওয়া মুরগি।
অনুসন্ধানে জানা গেছে, পরিবহনের সময় গরম ও চাপে খাঁচাপ্রতি ৬ থেকে ৭টি মুরগি মারা যায়। এসব খাঁচা বাজারে ঢোকার সঙ্গে একটি চক্র ওই মরা মোরগ বা মুরগি গড়ে ৪০ টাকা করে কিনে সঙ্গে সঙ্গে চামড়া ছাড়িয়ে পলিথিনে ভরে ফেলে। পঁচা গন্ধ বের হলে লেবুর রস দিয়ে দেওয়া হয় মাংসে।
পরে অপর একটি চক্র সেগুলোর প্রতিটি ছোট বড় মিলে ১শ’ থেকে দেড়শ’ টাকায় কিনে নিয়ে রাজধানীর অভিজাত এলাকার বাসা বাড়িতে বা খাবার হোটেলে বেশি দামে সরবরাহ করে। চক্রের কেউ কেউ এসব মুরগি নামী চাইনিজ রেস্তোরাঁয়ও সরবরাহ করে থাকে।
রাজধানীর বড় মুরগি বাজারের মধ্যে তেজগাঁও, কাপ্তানবাজার ও ফকিরাপুল অন্যতম। প্রতিদিন এসব বাজারে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ট্রাক মুরগি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঢোকে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
এরই মধ্যে সোমবার ভোরে রাজধানীর ব্যস্ততম কারওয়ানবাজারের মুরগি আড়তে অভিযান চালিয়ে এমনসব মুরগিসহ দুই বিক্রেতাকে আটক করেছে র্যাব। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজাও দেওয়া হয়।
ওই দুই জনের মধ্যে মো. দেলোয়ার হোসেন (৪২) নামে এক জনকে দুই বছর এবং রেশমা আক্তার (৩৫) নামে অপর জনকে দেড় বছর সাজা দেওয়া হয়।
র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুরগি আড়তের নোয়াখালী স্টোরের পিছনের দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০২টি মুরগিসহ এই দুই জনকে আটক করা হয়েছে।
পরে স্বীকারোক্তিতে দেলোয়ার জানিয়েছেন, তারা এসব মুরগি সংগ্রহের পর কায়দা করে হোটেল, রেস্তোরাঁয় সরবরাহ করেন। অনেক ক্ষেত্রে মালিকের সঙ্গে আঁতাত করেই মুরগি সরবরাহ করা হয় বলে দাবি করেন তিনি।
অবশ্য ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের ঘটনা ঘটলেও তাদের অগোচরেই ঘটছে।
পুরান ঢাকার ডিলাক্স হোটেলে মালিক মো. নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার সঙ্গে তিনি জড়িত। কিন্তু কখনও চামড়া ছাড়ানো মুরগি তিনি কিনেননি।
তবে যেসব হোটেলে জবাই করার মতো পর্যাপ্ত জায়গা থাকে না তারা এ ধরনের মুরগি কিনে থাকেন বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০২৬ ঘ.
bdnews24