ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি সম্পর্কে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ৪৫ লাখ মানুষ উদ্বিগ্ন বলে জানিয়েছেন মাল্টিলেভেল এই কোম্পানির পরিবেশকরা।
সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানানোর পাশাপাশি ডেসটিনি-টু থাউজেন্ডের পরিবেশকরা এটাও বলেছেন, কয়েকটি সংবাদপত্র ‘নেতিবাচক’ খবর ছাপলেও তারা এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোনো ধরনের প্রতারণার শিকার হচ্ছেন না।
ডেসটিনি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম। এতে প্রায় এক হাজার পরিবেশক উপস্থিত ছিলেন।
ডেসটিনি অবৈধভাবে ব্যাংকিং চালানোসহ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে গত কিছুদিন ধরে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার বলেন, “এই রকম প্রতিষ্ঠান যাতে তাদের সম্পদ ট্রান্সফার করতে না পারে সেজন্য যুবকের মতো একটি কমিশন গঠন করা হবে।”
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ইতোমধ্যে ডেসটিনিসহ এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে এসব কোম্পানির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানানো হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদনবিহীন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকের মতো লেনদেন না করার জন্য একটি নির্দেশনা জারি করে ১ এপ্রিল।
ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর রোববার ডেসটিনি কর্তৃপক্ষ চারটি সংবাদপত্রের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে।
ওই মামলার পরদিনই সংবাদপত্রে প্রকাশিত খবর ‘বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন করে ডেসটিনির পরিবেশকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ডিস্ট্রিবিউটরস ফোরামের সদস্য সচিব মাহবুবুর রহমান সুমন। তিনি বক্তব্য পড়ার সময় থেকে থেকে হাততালি দেন উপস্থিত পরিবেশকরা।
লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, “কতিপয় গণমাধ্যমের বিরূপ প্রচারণা ও আক্রমণাত্মক সংবাদ পরিবেশনের কারণে ডেসটিনির ৪৫ লাখ ক্রেতা-পরিবেশক এবং তাদের পরিবার-পরিজন অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দারুণ উদ্বিগ্ন। আমাদের বিশ্বাস, এ ধরনের নেতিবাচক প্রচারে জনগণ বিভান্ত হবে না এবং সরকারের কেউ প্রভাবিত হবেন না।”
“আমরা মনে করি, ডেসটিনি সঠিক ও সুন্দর পথে রয়েছে। এখানে একজন সাধারণ মানুষও সততার সঙ্গে কাজ করলে সহজেই সাফল্য অর্জন করতে পারেন,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে যুগোপযোগী একটি এমএলএম (ডাইরেক্ট সেল) আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি সুপারিশ জানানো হয়।
ফোরামের আহ্বায়ক ম্যাক আজাদ বলেন, “আমরা প্রতারিত হয়নি। জেনেশুনেই এই ব্যবসায় এসেছি। আমাদের লোকসানও হয়নি।”
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ফোরামের সদস্য আতাউর রহমান রেজা, মোসাদ্দেক আলী খান ও কে এম ফরহাদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯২০ ঘ.
bdnews24