রাজশাহী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেম্পু-মিশুক-হিউম্যান হলার শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে বাস যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোমবার পরিবহন নেতাদের বৈঠকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে। না হলে উত্তরাঞ্চলজুড়ে লাগাতার বাস ধর্মঘটের হুমকি দেন তারা।
বাস শ্রমিকদের সঙ্গে অটোরিকশা, মিশুক এবং হিউম্যান হলার চালকদের হামলা পাল্টা হামলার জের ধরে শনিবার সকাল ১১টায় রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের বাস বন্ধ হয়ে যায়। ওইদিন রাত ৮টার দিকে মালিক ও শ্রমিকদের বৈঠকে বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়।
কিন্তু রোববার দুপুরে টেম্পু চালকরা রাজশাহী নগরীতে বাস ভাংচুর করলে বাস ধর্মঘট শুরু হয়।
সোমবারের বৈঠক শেষে রাজশাহী সড়ক পরিবহন গ্র“পের নির্বাহী কমিটির সদস্য নুরুজ্জামান মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ৩টায় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের জরুরি বৈঠকে ২৪ ঘণ্টার মধ্যে বাস শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
দাবি না মানলে উত্তরাঞ্চল জুড়ে লাগাতার বাস ধর্মঘট শুরু করা হবে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত রাজশাহী সড়ক পরিবহন গ্র“পের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার বলেন, “টেম্পু শ্রমিকরা বাস শ্রমিকদের ওপর হামলা এবং গাড়ি ভাংচুর করলেও তাদের গ্রেপ্তারে প্রশাসন কোনো কার্যকরী উদ্যোগ নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে বাস ধর্মঘট করছি।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে এলেও কোনো বাস রাজশাহী শহরে ঢুকতে পারছে না। শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বানেশ্বরে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। সেখান থেকে যাত্রীদের সিএনজি ও ভ্যানে করে শহরে যেতে হচ্ছে। এখন সিএনজি চালকরা ভাড়াও বাড়িয়ে দিয়েছে।
আবার কোনো কোনো যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা টার্মিনাল ও রাস্তার ধারে অপেক্ষা করতে দেখা গেছে।
দীর্ঘদিন ধরে মোটর মালিক-শ্রমিকরা মহাসড়কে সিএনজি চালিত অটোরিকসা, হিউম্যান হলার ও মিশুক চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে প্রশাসনের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24