চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৩৬ দিন বর্জনের পর সোমবার থেকে ক্লাস শুরু করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা উপাচার্য নিয়োগের দাবিতে গত ৪ মার্চ থেকে ক্লাস বর্জন করে আসছিল। তবে দাবি পূরণ হওয়ার আগেই তারা ক্লাসে ফিরেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা ক্লাসে ফিরে এসেছে। কেন ক্লাস বর্জন করেছিল- এর কোনো যৌক্তিক কারণ শিক্ষার্থীরা দেখাতে পারেনি।
প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস করতে ইচ্ছা প্রকাশ করে নিজ নিজ বিভাগীয় প্রধানের কাছে আবেদনও করে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মু সাক্বী কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার শিক্ষার্থীরা ক্লাস করতে বিভাগীয় প্রধানদের কাছে আবেদন করলে সোমবার থেকে ক্লাস শুরু হয়েছে।
উপাচার্য নিয়োগের দাবিতে ৩৬ দিন ক্লাস বর্জনের বিষয়ে তিনি বলেন, “গুটিকয়েক শিক্ষার্থীর বাধার কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারছিল না।”
“উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষকরা আন্দোলন করছে। এতে শিক্ষার্থীদের জড়িত থাকার যৌক্তিক কারণ ছিল না,” বলেন শিক্ষক নেতা।
গত ২৮ জানুয়ারি অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাসের উপাচার্য হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হয়। এর পর শূন্য পদে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার দাবিতে গত ৪ মার্চ থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24