ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুরে, চট্টগ্রামের কালুরঘাটে, ঢাকার সাভারে ও মুন্সীগঞ্জ সদরে সোমবার সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের কালাম খাঁর ছেলে সুমন খাঁ (২০), চট্টগ্রামের চান্দগাঁও থানার হামিদ চর এলাকার মৃত বজল আহমদের ছেলে বোচা মিয়া (৬০), ভোলার চরফ্যাশন থানার আলী হোসেনের মেয়ে তাসলিমা আক্তার ওরফে লিজা (২০) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার গোসাইবাগের বাবুল মিয়ার ছেলে মো. মাহবুব (১৮)।
মুকসুদপুর থানার ওসি ফেরদাউস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়ায় দ্রুতগামী একটি ট্রাক পথচারী সুমনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে।
চান্দগাঁও থানার এসআই আবুল খায়ের জানান, কালুরঘাট শিল্প এলাকায় সানজি টেক্সটাইলের সামনে সকাল ১১টার দিকে গাড়িচাপা পড়ে বোচা মিয়া গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার এসআই রবিউল আলম জানান, সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইলে একটি গাড়িচাপা দিলে লিজা ঘটনাস্থলেই মারা যান।
তিনি কাঠগড়া এলাকার আজমত গার্মেন্টসে কাজ করতেন বলে পুলিশ জানায়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে নয়াগাঁওমুখী একটি ট্রাক মুক্তারপুরে মাহবুবকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মাহবুব কানে হেডফোন লাগিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৬৪৪ ঘ.
bdnews24