২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিক্ষিকাকে হত্যা: যুবলীগ নেতার ফাঁসি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন আক্তার সুমু হত্যা মামলায় স্থানীয় যুবলীগ নেতাকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

বরিশাল, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন আক্তার সুমু হত্যা মামলায় স্থানীয় যুবলীগ নেতাকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম সলিম উল্ল্যাহ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম ওরফে আবুল গোমস্তা (৩৫) আগৈলঝড়া উপজেলা যুবলীগের সদস্য এবং গৈলা ইউনিয়নরে ৬নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি শিহিপাশা গ্রামের আকু চৌকিদারের ছেলে। শিক্ষিকা শারমিন আক্তার শিমু (২৮) উপজেলার কালুপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সরদার শাহজাহানের মেয়ে এবং সেনাসদস্য জসিম উদ্দিন সোহেলের স্ত্রী। তিনি পূর্ব সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। ঘটনার সময় তিনি অন্তঃসত্বা ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াসউদ্দিন কাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে যাওয়া-আসার পথে আবুল প্রায়শই সুমুকে উত্ত্যক্ত করতো। এ নিয়ে এলাকায় সালিশ এবং থানায় সাধারণ ডায়েরিও করা হয়। গত ১২ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গৈলা বাজারের পশ্চিম পাশে যুবলীগ নেতা আবুল গোমস্তার উপুর্যপরি ছুরিকাঘাতে শারমিন মারা যান। ওইদিন সন্ধ্যায় জনতার সহায়তায় পুলিশ আবুলকে আটক করে এবং শারমিনের বাবা সরদার শাহজাহান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আইনজীবী জানান, রায় শোনার পর আসামি আদালত চত্বরে অজ্ঞান হয়ে পড়েন। শিক্ষিকার বাবা সরদার শাহজাহান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়ে সন্তোষ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৫২ ঘ.