২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইদের সন্ধানে আদালতে ‘বাচ্চু রাজাকারের’ মেয়ে

দুই ভাইয়ের সন্ধানে আদালতের দ্বারস্ত হয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা আবুল কালাম আজাদের মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ভাইয়ের সন্ধানে আদালতের দ্বারস্ত হয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা আবুল কালাম আজাদের মেয়ে। হাই কোর্টে দায়ের করা একটি রিট আবেদনে সামানিয়া জান্নাতি বলেছেন, গত ৬ এপ্রিল ভোরে র‌্যাব ও ডিবি পরিচয়ে সাদা পোশাকের একদল লোক ঢাকার শ্যামপুরের বাড়ি থেকে তার ভাই ফয়সাল আজাদ ও জিহাদ আজাদকে ধরে নিয়ে যায়। প্রায় একই সময়ে তার মামা কাজী এহতেশামুল হককেও গেণ্ডারিয়ার বাড়ি থেকে ধরে নেওয়া হয় বলে দাবি করেন সামানিয়া। রোববার দায়ের করা রিট আবেদনটি বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চের সোমবারের কার্যতালিকায় আসে। সামানিয়ার আইনজীবী নাসিরউদ্দিন আহমেদ অসীম সকালে শুনানি করতে গেলে ওই আদালত জানায়, এই ধরনের মামলার শুনানির এখতিয়ার তাদের নাই। এরপর বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে যান তারা। সেখানে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত মঙ্গলবার শুনানির দিন ঠিক করে। রিট আবেদনে সামানিয়া তার দুই ভাই ও মামাকে আদালতে হাজির করার নির্দেশ চেয়েছেন। যুদ্ধাপরাধের অভিযোগে সামানিয়ার বাবা আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি গ্রেপ্তার হননি। তার বাড়িতে পুলিশ অভিযান চালালেও তাকে পায়নি। আবুল কালাম একাত্তরে ফরিদপুরে বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত ছিলেন। আজাদের এই তিন নিকটাত্মীয়কে বেআইনিভাবে আটক করা হয়নি- তা নিশ্চিত করতে তাদের হাই কোর্টে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে বলে ব্যারিস্টার নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “ডিবি ও র‌্যাবের সদস্য পরিচয়ে তাদের বাসা থেকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় গেণ্ডারিয়াসহ কয়েকটি থানায় জিডি করতে গেলেও পুলিশ তা নেয়নি। এদিকে তাদের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। আমরা কেবল তাদের বর্তমান অবস্থান নিশ্চিত হতে হাই কোর্টে তাদেরকে হাজির করার আবেদন করেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬০৬ ঘ.