ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, বরিশাল, নারায়ণগঞ্জ, জামালপুর ও মুন্সীগঞ্জে বজ্রপাতে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো আট জন। এর মধ্যে গাজীপুর ও গোপালগঞ্জ, জামালপুর ও ঢাকায় দুই জন করে মোট আট জনের মৃত্যু হয়েছে।
বিস্তারিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর।
ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কান্দামাত্রা ও চক সিংহরা গ্রামে বজ্রপাতে স্বপন মজুমদার (২০) ও গিয়াস উদ্দিন (৩৫) নামে দুই জন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে কান্দামাত্রা গ্রামের স্বপন মজুমদার জমি চাষ করতে গেলে বজ্রপাতের শিকার হন। আশপাশের কৃষকরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, স্বপনের মৃত্যু হয়েছে।
প্রায় একই সময় চক সিংহরা গ্রামের গিয়াস উদ্দিন জমি চাষ করতে গেলে বজ্রপাতের শিকার হয়ে মারা যান।
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার এস এম শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুমতি নিয়ে স্বজনরা নিহতদের লাশ দাফনের জন্য গিয়ে গেছেন।
গাজীপুর: সোমবার সকালে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার ভবনীপুর পাটপাত গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন মিয়া (২৭) ও বাঘের বাজার এলাকার নূরুল হকের ছেলে দুলাল মিয়া (২৮)।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে কারখানায় যাওয়ার পথে বজ্রপাতের শিকার হলে ওই দুই যুবককে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ার উত্তরপাড় গ্রামে দুপুরে বজ্রপাতে ২ ক্ষেতমজুর নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়।
নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার বুরুয়া গ্রামের নারায়ণ চন্দ্র ঢালীর ছেলে নিহার ঢালী (২৫) ও শিমুলবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ গাইনের ছেলে সুজন গাইন (১৭) ।
কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া জানান, নিহতরা বৃষ্টির মধ্যে ক্ষেত থেকে তরমুজ ওঠানোর সময় বজ্রপাতের শিকার হন। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান জয়নাল (৩২) নামে এক জেলে। জয়নাল বেদে সম্প্রদায়ের মান্দা সাধুর ছেলে।
স্থানীয় বাসিন্দা খান কবির জানান, দুপুরে মাছ ধরার সময় জয়নাল বজ্রপাতের শিকার হয়। পরে তাকে মুলাদী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম জানান, জয়নালের শরীরে এক অংশ ঝলছে গেছে। হাসপাতালে আনার পর পরই তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বানিয়াদী এলাকায় বজ্রপাতে স্কুলছাত্র মিলন মিয়ার (১১) মৃত্যু হয়। এ সময় তার নানি আমিরুন নেছাও (৫২) গুরুতর আহন হন।
মিলন বানিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম বাবুল মিয়া।
গুরুতর আহত আমিরুন নেছা জানান, সকাল সাড়ে ৯টার দিকে নাতি মিলন মিয়াকে স্কুলে নিয়ে যাওয়ার সময় পেপার মিল এলাকায় তারা ঝড়ের কবলে পড়েন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে তার জানা নেই। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
জামালপুর: জামালপুরের বকশিগঞ্জে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। তারা হলেন- নয়াপড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে চাঁন মিয়া (২২) ও তার বোনের ছেলে মোরশেদুল হক (৩০)।
বাড়ির পাশে হাঁটার সময় বজ্রপাতে ওই দুই জনের মৃত্যু হয়েছে বলে জানান মোসলেম উদ্দিন।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পৃথক বজ্রপাতের ১ ব্যক্তি নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতের নাম নূরুল ইসলাম (৪০)।
আহতরা হলেন দ্বীন ইসলাম (৩৫) ও মনতাজউদ্দিন (৫২)।
খিদিরপাড়া গ্রামের মৃত সাবেদ মোল্লার ছেলে নূরুল ইসলাম গ্রামের একটি পুকুরে মাটি কাটছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাতের শিকার হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর প্রায় ১০ মিনিটের মধ্যে কুড়িগাঁও গ্রামে অপর বজ্রপাতে দ্বীন ইসলাম ও মনতাজ উদ্দিন আহত হন। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/সিএস/এএল/১৫৪৯ ঘ.
bdnews24