মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের আগ্রহের কথা বললেও প্রয়োজনীয় ব্যাটারি সংকটে আপাততঃ শঙ্কায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন বলছে, বিগত কমিশন সরকারি ক্রয় সংক্রান্ত আইন ও বিধি অনুসরণ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১১শ’ ইভিএম ব্যবহারের জন্য ১২শ’ ব্যটারি সংগ্রহের লক্ষে কাজ চলছে। মে মাসে এ নির্বাচন করার পরিকল্পনা করা হলেও নিয়ম মেনে ব্যাটারি আনতে জুনের প্রথম সপ্তাহ লেগে যাবে।
ডিসিসির ৬টি সংরক্ষিত ওয়ার্ডে এসব ইভিএম ব্যবহারের কথা রয়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে কর্নেল আলাউদ্দিন আল মামুন এক চিঠিতে জানিয়ে দিয়েছেন, ১০ এপ্রিলের মধ্যে এলসি খোলা সম্ভব হলে বিমানযোগে নিয়ম মেনে চাহিদা মতো চীন থেকে ব্যাটারি আনতে সময় লাগবে ১৭ মে। আর জাহাজ যোগে এ ব্যাটারি পৌঁছাবে ১০ জুন নাগাদ।
তবে পিপিআর অনুসরণ করে নির্বাচনের আগে ইভিএম-এর ব্যাটরি পাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে বিকল্প চিন্তা করা হলেও তাতে আপত্তি জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
গত ৩ এপ্রিল ব্যাটারি কেনার ক্ষেত্রে ক্রয় আইন অনুসরণের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন তিনি।
চিঠিতে পাবলিক সরকারি ক্রয় সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করা না হলে তা পেশাগত অসদাচরণ ও অপরাধ হবে বলে মন্তব্য করেন কমিশনার মোবারক।
এ ছাড়া বিগত নির্বাচন কমিশনের দায়িত্বে অবহেলার অভিযোগও আনেন তিনি।
আবদুল মোবারক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “ব্যাটারি কেনার প্রক্রিয়া ডিসেম্বর থেকে শুরু করা হলে প্রয়োজনীয় কার্যক্রম এরই মধ্যে শেষ হতো। কিন্তু তা না করে সময় ক্ষেপণ করে এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যাতে আইন এড়িয়ে আগের সংস্থার ইভিএম-ই ব্যবহার করতে হয়।”
রোববার এ বিষয়ে নির্বাচন কমিশনার জাবেদ আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিসিসিতে ইভিএম ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নে তারা চেষ্টা করে যাচ্ছেন।
আলোচনা করে ইভিএম ব্যবহারে সব ধরনের সংশয় এড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
জাবেদ আলী বলেন, “দুয়েকদিনের মধ্যে ডিসিসির তফসিল দেওয়া সম্ভব না হলেও এ সপ্তাহে তফসিল দেবোই আমরা। ইভিএমের চেষ্টাও থাকবে আমাদের”
এর আগে বুয়েটের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও নরসিংদীতে ইভিএম ব্যবহার করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২২৫১ ঘ.
bdnews24