নারায়ণগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সহায়তায় এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন এক ব্যবসায়ীর পরিবার।
তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে কাপড় ব্যবসায়ী আমান উল্লাহ আমানের স্ত্রী ফাতেমা এ অভিযোগ করেন। লিখিত বক্তব্য পড়ে শোনান আমানের ব্যবসায়িক অংশীদার অনিক চক্রবর্তী।
ফাতেমার অভিযোগ, ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিনের উপস্থিতিতে নেভী গার্মেন্টসের মালিক সালেম ও তার লোকজন আমানের মালিকানাধীন জমি ভরাট করতে যান। এতে বাধা দিলে তারা আমনকে মারধর এবং পরে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হাজতে পাঠায়।
এছাড়া ঘটনার পর থেকে সালেমের লোকজন আমানের পরিবারকে হুমকি দিচ্ছে বলেও ফাতেমা অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, নারায়ণগঞ্জ শহরের মাসদাইর পুলিশ লাইন আফাজনগর এলাকায় আমান ছয় শতাংশ জমি কেনেন। গত ২৫ মার্চ ওই জমিতে টিনের ঘর, সীমানা দেয়াল নির্মাণ এবং গাছ রোপন করতে গেলে সালেমের লোকজন বাধা দেয়। এ ঘটনায় ওইদিনই আমান ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরদিন (২৬ মার্চ) সালেম ২০/৩০ জন লোক নিয়ে ওই জমিতে আসে এবং তাদের হুমকি দেয়। এ ঘটনায় থানায় আরেকটি জিডি করা হয়।
বিষয়টি ওসি আব্দুল মতিনকে জানানো হলে তিনি উপ-পরিদর্শক (এসআই) সেলিমের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
অভিযোগে বলা হয়, এসআই সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জায়গার মূল্য তিন কোটি টাকা এবং আপনার প্রতিপক্ষ প্রভাবশালী। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে উপর মহলের নির্দেশ লাগবে এবং উপর মহলকে ম্যানেজ করতে ১২ লাখ টাকা লাগবে। টাকা দিতে না পারলে কোনো লাভ হবে না থানায় এসে।”
গত সোমবার (২ এপ্রিল) সালেমের লোকজন জমি থেকে সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ঘর ও নির্মাণ সামগ্রী ট্রাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় সালেমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ওসি উভয়পক্ষের কাগজপত্র নিয়ে থানায় বসে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেন বলে জানান তিনি।
এদিকে বৃহষ্পতিবার সালেমের ছেলেসহ ও ৪০/৫০ জন লোক লাঠিসোটা নিয়ে জমিতে বালু ভরাট করছে দেখে ওসিকে জানানোর চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর উপ-পরিদর্শক সেলিম এসে আমানকে মারতে মারতে থানায় নিয়ে যায় এবং পাঁচ লাখ টাকা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়।
জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন ফাতেমা।
এদিকে পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে ওসি আবদুল মতিন বলেন, “জমিটি ১৯৯২ সালে শিল্পপতি সালেম ক্রয় করেন। তার নামে নামজারি হয়েছে এবং জমিটি তার দখলে রয়েছে। এছাড়া কোর্ট থেকে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে।”
ওসি আরো জানান, সালেম সাহেবের লোকজন জমিতে বালু ভরাট করতে গেলে আমান ট্রাকের গ্লাস ভাংচুর করেন এবং একজনের মাথা ফাটিয়ে দেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১২১ ঘ.
bdnews24