চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ার অন্যতম বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছাড়া শুরু করেছে মা-মাছেরা। আহরণকারীরাও মেতে উঠেছেন ডিম সংগ্রহ উৎসবে।
হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ৭টার দিকে মা-মাছেরা ডিম দেওয়া শুরু করে।
গত দুই দিনের বজ্রসহ বৃষ্টির কারণে মা-মাছেরা ডিম দেওয়া শুরু করেছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, রাউজান ও হাটহাজারী উপজেলার হালদা নদীর সত্তার ঘাট, অংকুরী ঘোনা, মদুনাঘাট, গড়দুয়ারা, কান্তার আলী চৌধুরী ঘাট, নাপিতের ঘাট, উত্তর মাদার্শা এলাকার বাঁকে ডিম ছেড়েছে রুই জাতীয় মা মাছ। আর আহরণকারীরাও নৌকা নিয়ে নেমে পড়েছেন ডিম সংগ্রহে।
প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে অনুকূল পরিবেশে হালদা নদীতে রুই জাতীয় মাছ পোনা ছাড়ে।
হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একমাত্র মিঠা পানির মৎস্যপ্রজনন ক্ষেত্র এ হালদা নদী যেখানে মা মাছ এসে ডিম ছাড়ে এবং আহরণকারীরা ডিম সংগ্রহ করে থাকে। চারদিনের মধ্যে এসব ডিম ফুটে রেণুতে পরিণত হবে।
বাংলাদেশের আর কোন নদীতে তেমন হয় না উল্লেখ করে তিনি বলেন, শনি ও রোববার বৃষ্টির সাথে পূর্ণিমার জো থাকায় দুপুর থেকে ডিম দেওয়া শুরু হয়েছে। সকালে ডিম ছাড়া শুরু হলেও অন্যান্যবারের মতো পরিমাণে তা অনেক কম।
রাতের বেলা নদীতে আসা মাছেরা বেশি পরিমাণে ডিম ছাড়তে পারে বলে আশা করছেন এই অধ্যাপক। তিনি জানান, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মা-মাছগুলো আরো কয়েকদফায় ডিম ছাড়তে পারে।
এদিকে ডিম ছাড়ার সময় হালদা নদীতে যেন কোনপ্রকার ইঞ্জিনচালিত নৌকা চলাচল করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০২৪ ঘ.
bdnews24