২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৩ হাজার নকল হ্যান্ডসেট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৩ হাজার বিভিন্ন নামি-দামি ব্রান্ডের নকল মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করেছে বিটিআরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৩ হাজার বিভিন্ন নামি-দামি ব্রান্ডের নকল মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করেছে বিটিআরসি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিটিআরসি’র অভিযানে তিনটি প্রতিষ্ঠানের আমদানি করা হ্যান্ডসেটগুলো নকল বলে প্রমাণিত হয়েছে। অভিযানে অংশ নেওয়া বিটিআরসির এক ঊধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানিকারক প্রতিষ্ঠান এম হোসেন ইলেকট্রনিক্স ৪২ হাজার, টপ স্টার এন্টারপ্রাইজ ২০ হাজার এবং রাহা এন্টারপ্রাইজ ২০ হাজার নকল হ্যান্ডসেট আমদানি করে। চালানের ছাড়পত্র না দেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষকে আগেই তা জানিয়ে রেখেছিল বিটিআরসি। উদ্ধার করা নকল হ্যান্ডসেটের বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা হবে বলে জানান ওই কর্মকর্তা। নকল হ্যান্ডসেট আমদানিকারকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। বাংলাদেশের বাজারে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের প্রায় ৩০ ভাগই নকল বলে জানিয়েছে মোবাইল হ্যান্ড সেট ব্যবসায়ী ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি ও ব্যবসায়ীদের হিসাব মতে, প্রতি বছর প্রায় এক কোটি হ্যান্ডসেট আমদানি করা হয়, এর মধ্যে প্রায় ৩০ শতাংশ সেটই মানহীন আর সেসব সেটে দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, মোবাইল হ্যান্ডসেট আমদানির আগে বিটিআরসি থেকে আমদানির অনুমতিপত্র নিতে হয়। আমদানিপত্রের সঙ্গে মোবাইল হ্যান্ডসেটের আইএমআইই নম্বরও বিটিআরসিতে জমা দিতে হয়ে। তবে নকল সেট আমদানি চক্র নকিয়া, স্যামসং, এলজি ইত্যাদি হ্যান্ডসেটের নামে এলসি খুললেও পরে তারা এ এলসি দেখিয়ে চীন থেকে নিুমানের সেট আমদানি করে থাকে বলে সংশ্লিষ্টরা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০০৮ ঘ