ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ডাকসু নির্বাচন করতে না পারার কারণ জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনে রোববার হাই কোর্টের একটি বেঞ্চ রুল দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন করতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না।
অবিলম্বে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব চেয়েছেন। জবাব দিতে হবে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, নিবন্ধক ও প্রক্টরকে।
প্রায় দুই যুগ ধরে অচল ডাকসু নির্বাচনের দাবিতে গত ২১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাই কোর্টে রিট আবেদনটি করেন।
রিট আবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিধান অনুযায়ী প্রতিবছর ডাকসুতে নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সত্যিকার নাগরিক হিসাবে তৈরি করা এবং তাদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি করা।
“পাশাপাশি পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের সর্বোচ্চ সুবিধা প্রাপ্তির জন্য এই নির্বাচন হওয়া প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আদান প্রদান জোরদার করতে পারে।”
কিন্তু নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ‘হাজার হাজার শিক্ষার্থী’ এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে উল্লেখ করা হয় আবেদনে।
১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়। ওই নির্বাচনে ছাত্রদলের আমান-খোকন-আলম (আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম) পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করে।
১৯৯৮ সালের ২৮ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আবেদনে যুক্ত করে দেওয়া হয়। এই প্রতিবেদনে বলা হয়, ২৭ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (তৎকালীন) অধ্যাপক আজাদ চৌধুরীর সভাপতিত্বে এক সভায় ডাকসু ভেঙে দেওয়া হয়।
“ওই সিদ্ধান্তে বলা হয়, ডাকসু নির্বাচনের পর এর সময়সীমা হবে এক বছর। পরবর্তী তিনমাস নির্বাচন না হলে বিদ্যমান কমিটি কাজ চালিয়ে যেতে পারবে। ওই সময় সীমা অতিক্রান্ত হওয়ায় ডাকসু ভেঙে দেওয়া হয়।”
ডাকসু নির্বাচনে পদক্ষেপ নিতে গত ১১ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিসও পাঠিয়েছিলেন মনজিল মোরসেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’ নামে শিক্ষার্থীদের একটি সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১২৪৪ ঘ.
bdnews24