২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হামলায় দম্পতিসহ আহত ১৫ পর্যটক

কক্সবাজারে একদল পর্যটকের হামলায় এক দম্পতিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 05:40 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

কক্সবাজার, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে একদল পর্যটকের হামলায় এক দম্পতিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সেন্টমার্টিন থেকে ফেরার পথে শনিবার বিকালে জাহাজে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। আহত দম্পতি হলেন ঢাকার উত্তরার টুটুল (৪২) ও মারিফা আফরোজ। মারিফাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে টেকনাফ থানার উপ-পরিদর্শক নীলু কান্তি বড়–য়া সাংবাদিকদের বলেন, সকালে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়া’য় সিরাজগঞ্জ সরকারি কলেজের ১৪০ জন এবং গাজীপুরের গ্রাফিক্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশনের ১৩০ জন সেন্টমার্টিন যান। সেন্টমার্টিন ভ্রমণের সময় গাজীপুরের কয়েকজন সিরাজগঞ্জ কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করলে দু’দলের মধ্যে কথা কাটাকাটি হয়। বিকালে একই জাহাজে ফেরার সময় গাজীপুরের লোকজনের মারধরে সিরাজগঞ্জ কলেজের ১৩ শিক্ষার্ধী এবং ঢাকার উত্তরার পর্যটক দম্পতি আহত হন। পুলিশ কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে পুলিশ দমদমিয়া ঘাটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেকনাফ থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছে। থানায় কোনো অভিযোগ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৮ ঘ.