রাজশাহী, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় ঘণ্টা পর রাজশাহী পরিবহন শ্রমিকদের ডাকা বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্র“পের কার্যালয়ে শনিবার রাতে মালিক ও শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান গ্র“পের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন পিটার।
তিনি বলেন, সকালের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারো ধর্মঘটের ডাক দেওয়া হবে।
বাস শ্রমিকদের সঙ্গে অটোরিকশা, মিশুক এবং হিউম্যান হলার চালকদের বিরোধের জের ধরে সকালে রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের বাস বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কে পবার নওহাটা ব্রিজে বাস শ্রমিকরা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও হিউম্যান হলার চলাচলে বাধা দেয়। এর জের ধরে ওই যানবাহনগুলোর চালকরা সকাল ১১টার দিকে নগরীর শালবাগান এলাকায় বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা নওগাঁ থেকে রাজশাহীগামী দুটি বাস ভাঙচুর এবং একজন চালককে মারধর করে।
এর জেরে বাস শ্রমিকরা জেলা ও আন্তঃজেলার সব রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে নগরীর ভদ্রা মোড়ে জড়ো হয়। দুপুর ১টার দিকে রেলগেট এলাকায় তারা চারটি অটোরিকশা ও একটি হিউম্যান হলার ভাঙচুর করে।
এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে বাস শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়।
এর জের ধরে শনিবার সকাল থেকে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিকদের সংগঠন রাজশাহী সড়ক পরিবহন গ্র“প।
সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস শ্রমিকরা নওহাটা ব্রিজের উপর থেকে সব অটোরিকসা, মিশুক ও হিউম্যান হলার রাজশাহীর দিকে ঘুরিয়ে দেয়। এতে ক্ষুুদ্ধ হয়ে ওই যানবাহনগুলোর চালকরা বাস চলাচল বন্ধ করে দেয়।
এর আগে রাজশাহী সড়ক পরিবহন গ্র“পের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন পিটার বলেছিলেন, ভাঙচুরের প্রতিবাদে বাস শ্রমিকরা যানবাহন বন্ধ করেছে। এ ব্যাপারে রাতে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস শ্রমিকরা অনেকদিন ধরেই মহাসড়কে ছোট যান চলাচলের বিরোধিতা করে আসছিল। এর জের ধরে এ ঘটনা ঘটেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরআরডি/ডিডি/২১২৭ ঘ.
bdnews24