মাদারীপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় শনিবার এক স্কুলছাত্র খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সোহাগ (৮) মাছরঙ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং বৌলগ্রামের হাবিবুর রহমান মিয়ার ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রাজৈর থানার ওসি মো. নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গেলে প্রতিবেশী সপ্তম শ্রেণীর ছাত্র মো. মহিজুল গলা চেপে শ্বাসরোধে হত্যা করেছে।
এরপরও স্থানীয়রা তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, মহিজুলকে তাদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সোহাগের বাবা হাবিবুর রহমান মিয়া সাংবাদিকদের বলেন, মহিজুলের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24