গাজীপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ স্কাউটসের কাছে একটি টর্পেডো বোট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে নৌবাহিনী।
গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার বোটটি হস্তান্তর করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম ফরিদ হাবিব স্কাউটস সভাপতি মো. আব্দুল করিমের কাছে এটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে এম ফরিদ হাবিব তার বক্তব্যে বলেন, বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। এছাড়া এখানে আগত ছাত্র-ছাত্রী ও লিডাররা লেখাপড়ার পাশাপাশি এ জাহাজ পরিদর্শন করে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সম্পর্কে সম্যক ধারণা লাভে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নৌ স্কাউটস এবং লিডাররা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24