রাজশাহী, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিকদের সঙ্গে অটোরিকশা, মিশুক এবং হিউম্যান হলার চালকদের বিরোধের জের ধরে শনিবার সকাল থেকে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও শ্রমিক নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও হিউম্যান হলার চালকরা পবা উপজেলায় বাস ভাংচুর ও বাস শ্রমিককে মারধর করেছে। দুপুরে বাস শ্রমিকরা নগরীতে অটোরিকশা ও হিউম্যান হলার ভাঙচুর করে।
এ সময় পুলিশের সঙ্গে বাস শ্রমিকদের ধাওয়ার-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ৯টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কে পবার নওহাটা ব্রিজে বাস শ্রমিকরা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও হিউম্যান হলার চলাচলে বাধা দেয়। এর জের ধরে ওই যানবাহনগুলোর চালকরা সকাল ১১টার দিকে নগরীর শালবাগান এলাকায় বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা নওগাঁ থেকে রাজশাহীগামী দুটি বাস ভাঙচুর এবং একজন চালককে মারধর করে।
এর জেরে বাস শ্রমিকরা জেলা ও আন্তঃজেলার সব রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে নগরীর ভদ্রা মোড়ে জড়ো হয়। দুপুর ১টার দিকে রেলগেট এলাকায় তারা চারটি অটোরিকশা ও একটি হিউম্যান হলার ভাঙচুর করে।
এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে বাস শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়।
সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস শ্রমিকরা নওহাটা ব্রিজের উপর থেকে সব অটোরিকসা, মিশুক ও হিউম্যান হলার রাজশাহীর দিকে ঘুরিয়ে দেয়। এতে ক্ষুুদ্ধ হয়ে ওই যানবাহনগুলোর চালকরা বাস চলাচল বন্ধ করে দেয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্র“পের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন পিটার বলেন, ভাঙচুরের প্রতিবাদে বাস শ্রমিকরা যানবাহন বন্ধ করে দিয়ে দিয়েছে। এ ব্যাপারে রাতে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস শ্রমিকরা অনেকদিন ধরেই মহাসড়কে ছোট যান চলাচলের বিরোধিতা করে আসছিল। এর জের ধরে এ ঘটনা ঘটেছে।”
এ নিয়ে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯০৭ ঘ.
bdnews24