২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রসফায়ার’ নিয়ে কমিশন ‘বাড়াবাড়ি’ করছে: হিরণ

র‌্যাবের ‘ক্রসফায়ার’ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন ‘বাড়াবাড়ি করছে’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগনেতা ও বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

বরিশাল, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের ‘ক্রসফায়ার’ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন ‘বাড়াবাড়ি করছে’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগনেতা ও বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরণ। প্রতিপক্ষের হামলায় নিহত বরিশাল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাফসান আহম্মেদ জিতুর পরিবারকে শনিবার সকালে সান্ত্বনা দিতে গিয়ে মেয়র এ কথা বলেন বলে জানান নিহতের ভাই রফিকুল ইসলাম টিপু। তিনি বলেন, “বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন- ক্রসফায়ার বন্ধ না থাকলে এই ধরনের অপরাধ (জিতু হত্যা) ঘটত না।” “‘ক্রসফায়ার বন্ধ থাকায় সন্ত্রাসীরা আবার স্বরূপে ফিরে এসেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন ক্রসফায়ার নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে’।” এ মন্তব্য নিয়ে কথা বলতে বরিশাল মেয়র ও শহর আওয়ামী লীগের আহ্বায়ক হিরণের মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে মেয়রের গণমাধ্যম মুখপাত্র ও সিটি কর্পোরেশনের সহকারী অ্যাসেসর বেলায়েত বাবলু মেয়রের মন্তব্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মেয়রের সঙ্গে জিতুর বাসায় গিয়েছিলেন। র‌্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন সমালোচনা মুখর। তবে সন্ত্রাস দমনে গঠিত বিশেষ এই বাহিনী বরাবরই বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করে আসছে। সর্বশেষ গত ২ এপ্রিল নরসিংদীতে র‌্যাবের কথিত ক্রয়ফায়ারে ছয় জন নিহত হয়। এর কয়েকদিন পর জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তার সংস্থা ওই ঘটনার তদন্ত করবে। জিতু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে মেয়র আশ্বাস দেন বলে জানান টিপু। ছাত্রদল নেতা জিতু গত ২৪ মার্চ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে রাতে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় তার ভাই টিপু বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার পরিবার মামলা দায়েরের পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছে।” জিতু মারা যাওয়ার কয়েকদিন আগে নিরাপত্তা চেয়ে কয়েকজনের নামে থানায় জিডি করতে গিয়েছিলেন জানিয়ে টিপু বলেন, “সেখানে স্থানীয় এক সাংসদের নাম থাকায় পুলিশ জিডি নেয়নি।” তবে কোতোয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান জিডি না নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২১১৪ ঘ.