ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর মাজার রোডে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন (৩৫) নিজেকে মিরপুর সেনানিবাসে কর্মরত অষ্টম ফিল্ড রেজিমেন্টের ল্যান্স কর্পোরাল হিসাবে পরিচয় দিয়েছেন বলে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
দারুস সালাম থানার অধীন ওই এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুই গরু ব্যবসায়ীর কাছ থেকে তিনি টাকা ছিনতাই করেন বলে জানায় পুলিশ।
এসআই বলেন, “রাত সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসে চড়ে গাবতলী গরুর হাট থেকে আগারগাঁও তালতলার বাসার উদ্দেশে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম, তানভীর, আসলাম ও কালাম। মাজার রোডের লালকুঠি বড় মসজিদের সামনে আসার পর একটি সাদা রঙের মাইক্রোবাস পেছন থেকে এসে তাদের গতিরোধ করে।”
মাইক্রোবাস থেকে পাঁচ-ছয়জন ব্যক্তি নেমে ডিবি পরিচয় দিয়ে মনিরুলের বাঁ-হাতে হাতকড়া পরানো এবং মারধর করা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা মাজিদ বলেন, “একপর্যায়ে তারা অস্ত্রের মুখে মনিরুলের কাছ থেকে সাত লাখ এবং তানভীরের কাছ থেকে আট লাখ টাকা কেড়ে নেন।”
“তানভীরকে গাড়িতে তুলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। কিছু দূর যাওয়ার পর তারা তানভীরকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যান।”
তানভীরকে গাড়ি থেকে নামিয়ে কিছু দূর যাওয়ার পর ইকবাল গাড়িটি থেকে নামেন জানিয়ে এসআই বলেন, “ওই সময় টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ইকবালকে রেখে গাড়িটি দ্রুত বেগে চলে যায়।
“পরে তানভীরের অভিযোগের ভিত্তিতে ইকবালকে গ্রেপ্তার করা হয়।”
ইকবালের কাছে থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান মজিদ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানান, তিনি দুই দিনের ছুটিতে রয়েছেন।
ইকবালকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কি না জানতে চাইলে এসআই বলেন, “সেনাবাহিনী থেকে লোক এসেছিল। তবে আমার ইকবালকে আদালতে পাঠিয়েছি।”
এ ব্যাপারে মনিরুল বাদি হয়ে মামলা করেছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮৩০ ঘ.
bdnews24