দিনাজপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার একই স্থানে দুটি সংগঠন মাহফিল আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার রাণীরবন্দর হাট চত্ত্বরে শনিবার বিকালে স্থানীয় জাকের পার্টি এবং রাণীরবন্দর শিরক ও বিদাত প্রতিরোধ কমিটি মাহফিল করার ঘোষণা দেয়।
এ কারণে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রশিদুল মান্নাফ কবীর।
তিনি জানান, রাণীরবন্দর হাট ও আশপাশে শনিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০৮ ঘ.
bdnews24