সুনামগঞ্জ/ঝিনাইদহ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শনিবার বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানার ওসি আবুল হাসেম জানান, শনিবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের লামাগাঁওয়ের গিয়াস উদ্দিনের ছেলে এজাজুল ইসলাম (১৬) মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে নিহত হন।
অপরদিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের ফারুক মিয়ার স্ত্রী জয়না বেগম (২৮) বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
ওসি জানান, তাদের দেহ পুড়ে গেছে। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোটচাঁদপুর পৌরসভার মেয়র সালাউদ্দিন বুলবুল জানান, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে বজ্রপাতে বাবুল হোসেন মন্ডল (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
তিনি সাংবাদিকদের জানান, বৃষ্টির মধ্যে পাট বোনার সময় কৃষক বাবুল বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পাশে থাকা তার ছেলে সামান্য আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১৪৪৪ ঘ.
bdnews24