মুন্সীগঞ্জ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ের কারণে শনিবার সকালে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।
অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে নিরাপত্তার স্বার্থে সকাল ১০টার দিকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।
এ সময় চারটি ফেরি যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করে থাকে। দুই ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে আরো নয়টি ফেরি।
বাতাসের বেগ ও বৃষ্টি কমে এলে বেলা ১১টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয় বলে সিরাজুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪০ ঘ.
bdnews24